ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলা পুলিশের জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত ওই সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম।
সভায় পুলিশ সুপার মামলা দায়েরের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা, দ্রুত তদন্ত সম্পন্ন করা, নির্ভুল পুলিশ প্রতিবেদন দাখিল, মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলের ওপর বিশেষ জোর দেন। এছাড়া জেলার ট্রাফিক ব্যবস্থাপনা ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
জনসাধারণকে আরও উন্নত ও মানসম্মত সেবা দেওয়ার তাগিদ দিয়ে পুলিশ সুপার জেলার প্রতিটি থানা ও ইউনিটের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোর, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ আলী, প্রবেশনারি সহকারী পুলিশ সুপার, জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, টিআইসহ নাটোর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।