নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে রাস্তায় যৌন হয়রানি করার অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গ্রেপ্তার ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সপড়ুয়া ওই ছাত্রী মেস থেকে টিউশনিতে যাওয়ার পথে এটিএম মাঠের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে আসা এক যুবক তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী সরাসরি নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অভিযোগ জানান। অভিযোগ আমলে নিয়ে পুলিশ সুপার দ্রুত অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য জেলা গোয়েন্দা শাখাকে কড়া নির্দেশ দেন।
পুলিশ জানায়, ডিবির একটি চৌকস দল টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ওই যুবক ও তার বাইকটি শনাক্ত করে। পরবর্তীতে নওগাঁ ও বগুড়ার আদমদীঘির সান্তাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, ভুক্তভোগী ছাত্রী আসামিকে সনাক্ত করেছেন এবং তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়ক কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও যৌন হয়রানি জেলা পুলিশ কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে দমন করবে।”