ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে পাকা গোয়ালঘরের তালা ভেঙে প্রায় ১২ লাখ টাকা মূল্যের চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামে ইউসুফ হাজির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউসুফ হাজি জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে মহিষগুলোর পরিচর্যা শেষে গোয়ালঘরে বাতি জ্বালিয়ে ও তালা দিয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালঘরের তালা ভাঙা এবং ভেতরের দুটি ষাঁড় ও দুটি বকনা মহিষ উধাও। আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তাঁর ধারণা, কোনো সংঘবদ্ধ চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে ওই এলাকায় একটি পিকআপ ট্রাকের সন্দেহজনক ঘোরাঘুরি দেখা গিয়েছিল। রাতের আঁধারে চোরেরা পিকআপ ট্রাকে করেই মহিষগুলো অন্যত্র পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
ইউসুফ হাজি আরও জানান, মহিষগুলো বিক্রির জন্য তিনি কয়েকজন দালালের সঙ্গে কথা বলেছিলেন। কিছুদিন আগে অচেনা কিছু লোক এসে মহিষগুলো দেখেও গিয়েছিল। এ ঘটনায় তিনি গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চুরি যাওয়া মহিষগুলো উদ্ধারের পাশাপাশি চোরদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী বলেন, এলাকায় ইদানীং চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসনের আরও কঠোর ভূমিকা পালন করা প্রয়োজন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মহিষ চুরির ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।