ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের গুরুদাসপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন অভ্যন্তরীণ জলাভূমি, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে। মৎস্যসম্পদের উন্নয়ন, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার রক্ষা এবং পুষ্টির চাহিদা পূরণে সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুরুদাসপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। এতে সভাপতিত্ব করেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, উপজেলা বিএনডিসি কর্মকর্তা সাইদুল ইসলামসহ মৎস্য ও প্রশাসন বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিভিন্ন জলাশয়ে পোনামাছ ছাড়ার মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব। পাশাপাশি প্রাকৃতিক জলাশয়গুলোতে মাছের প্রজননবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে এবং অবমুক্ত করা মাছ রক্ষায় এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহার তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক জলাশয়সহ বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মোট ২৮৫ কেজি বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।