ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় প্রবাসীর আর্থিক সহায়তা এবং সিংড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’। সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের উদ্যোগে এই লাইব্রেরি স্থাপন করা হয়। একইসঙ্গে ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর কবির বাবুলের মায়ের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিংড়া স্মার্ট প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি খলিলুর মাহমুদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক বায়েজীদ ইসলাম জয়ের সঞ্চালনায় এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের আজীবন সদস্যপদ গ্রহণ করেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই, সিংড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আইনুল কবির স্বাধীন এবং মালয়েশিয়াপ্রবাসী শিমুল সরদার। এছাড়া অনুষ্ঠানে সংবাদকর্মী আমিনুল হক বাদল জাতীয় পত্রিকার কার্ড গ্রহণ করেন।
পরে প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আলমগীর কবির বাবুলের প্রয়াত মায়ের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা জানান, স্থানীয় সাংবাদিকদের জ্ঞান ও সাহিত্যচর্চা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ‘স্মার্ট সাহিত্য পাঠাগার’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই পাঠাগারটি শুধু সংবাদকর্মীই নন, বরং এলাকার সাধারণ পাঠকদের জ্ঞানার্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে ক্লাবের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় জানানো হয়।