রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক কারবারে বাধা দেওয়ায় সবুজ হোসেন (৩৮) নামের এক প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত মাহফুজ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮ অক্টোবর, বুধবার সংঘটিত এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে, যার ফলে স্থানীয় এলাকাববাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের চিহ্নিত মাদক বিক্রেতা মো. মাহফুজ আলম (৩২) দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা ও মদসহ নানা ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। তার ত্রাসের রাজত্বের কারণে সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল।
ঘটনার দিন সকালে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাহফুজ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে প্রবাসফেরত সবুজ হোসেনের ওপর হামলা চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। এ সময় সবুজের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী সবুজ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ বিকেলেই অভিযুক্ত মাহফুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।