রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে এই সভা আয়োজিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. এমরান হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাকটর মাধব চন্দ্র মজুমদার এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফারহানা হক।
সভায় উপজেলার মোট ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা হলো আমাদের পুরো শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এই স্তরের গুণগত মানোন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক ও বদ্ধপরিকর। শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত করতে তিনি সকল শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।