রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। সভায় জানানো হয়, উপজেলার ১৭টি পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে পূজা মন্ডপগুলোতে ডিজে মিউজিক বাজানো থেকে বিরত থাকার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, মুসলমানদের ওয়াক্তিয়া নামাজের সময় সাউন্ড বক্স বন্ধ রাখা এবং পূজার মন্ডপগুলোতে যাতায়াতের রাস্তা সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মেদ সিফাত, রামগঞ্জ থানার এসআই স্বপন কুমার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনি কুমার দে, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার সাহা এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমির রঞ্জন সাহা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।