মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবানে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী পিসিজেএসএসের চাঁদাবাজি ও সহিংসতার প্রতিবাদে থানচিগামী সকল ধরনের গণপরিবহণ চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গাড়ি ভাঙচুর এবং চালকদের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে সন্ত্রাসীগোষ্ঠীটির বিরুদ্ধে।
পরিবহণ মালিক সমিতি সূত্রে জানা যায়, সন্ত লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) থানচিগামী বাস ও জীপ মালিকদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। গত বছরের তুলনায় এবার চাঁদার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।
এদিকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার সকালেও থানচির উদ্দেশ্যে কোনো গাড়ি ছেড়ে যায়নি। টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষা করে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, কমলাবাগান, বাগানবাড়ি, থানচি সদর উপজেলা ও ডিম পাহাড় এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের মহড়া ও অবাধ বিচরণ লক্ষ্য করা যাচ্ছে, যা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।