ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর চাঞ্চল্যকর কিশোরী নিঝুম খাতুন অপহরণ ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। এই ঘটনার পর মূল ঘাতকদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন জানান, তাঁর ১৭ বছর বয়সী মেয়ে নিঝুম খাতুন গত বছরের ১৩ মার্চ নিখোঁজ হয়। মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা গ্রামের এই কিশোরীকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ দেড় বছর ধরে মেয়ের কোনো সন্ধান না পেয়ে তাঁর পরিবার চরম অনিশ্চয়তা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন। দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হলে এই ধরনের নৃশংস অপরাধ কমবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার ফিরে পাবে।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।