ফয়সাল আহমেদ জনি, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলহাজ্ব আবুল কালাম আজাদ সিংড়া স্মার্ট প্রেস ক্লাব (SSPC) আয়োজিত ‘আলাপন—নির্বাচনি এক্সপ্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে সুশাসন, নাগরিক সেবা ও এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জয়কুড়ি বাজারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জনসমক্ষে প্রকাশ করেন। চেয়ারম্যান নির্বাচিত হলে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ জোর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবুল কালাম আজাদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মৎস্য চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন এবং ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির ওপর কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সহজ শর্তে ঋণ সহায়তার আওতায় আনা হবে।
নারীদের আত্মকর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, সুকাশ ইউনিয়নের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নকশিকাঁথা সেলাই, হস্তশিল্পসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা ঘরে বসেই আয় করতে পারেন।
যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নের কথা উল্লেখ করে সম্ভাব্য এই প্রার্থী বলেন, এলাকার অনুন্নত রাস্তাঘাট, কালভার্ট ও সেতু সংস্কারের মাধ্যমে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জনদুভোগ নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে এসব কাজ বাস্তবায়ন করা হবে।
এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠন, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধ, অসহায় মানুষের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আবুল কালাম আজাদ বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া সুকাশ ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে প্রার্থীর কাছে নানা প্রশ্ন রাখেন এবং তিনি সন্তোষজনক উত্তর দিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞার কথা জানান।