ইমাম হাছাইন পিন্টু, নাটোর
শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পরিশ্রমী, সৎ, যোগ্য এবং সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। তিনি বলেন, কঠোর অধ্যবসায়ের মাধ্যমে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছ, উচ্চমাধ্যমিক পর্যায়েও এই ধারা বজায় রাখতে হবে। পাশাপাশি জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।
বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ হুসনেয়ারা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার। এতে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ এবং কৃতি শিক্ষার্থী জান্নাতি খাতুন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম সিদ্দিকী, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার ২৮টি বিদ্যালয়ের ১৬৫ জন, ৩টি মাদ্রাসার ৬ জন এবং ৩টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ জনসহ মোট ১৭৬ জন কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।