সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে সার ও কীটনাশক মজুদ এবং বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সার ও বালাইনাশক মজুদ এবং বিপণনে সরকারি নিয়ম লঙ্ঘন করায় ওই দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে অনিয়মের সত্যতা মেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয়রা মনে করছেন, কৃষিপণ্যের বাজারে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হবে এবং কৃষকরা সঠিক মূল্যে ও সহজে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারবেন। এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কৃষকদের স্বার্থ রক্ষায় সকল ব্যবসায়ীকে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।