ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনে আগামী মাসে কুষ্টিয়া সফরকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, উন্নয়ন ও অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন উপাচার্য। একই সঙ্গে স্বাধীন দেশের প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় সরাসরি পরিদর্শনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
সাক্ষাৎ শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, “আগামী মাসে মাননীয় প্রধানমন্ত্রীর কুষ্টিয়া জেলা সফর নির্ধারিত রয়েছে। এ উপলক্ষ্যে স্বাধীন দেশের প্রথম এই বিশ্ববিদ্যালয়ে সরাসরি সফরে এসে নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধনের অনুরোধ জানালে তিনি সম্মতি প্রকাশ করেছেন। আশা করছি, কুষ্টিয়া সফরকালে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরাসরি উপস্থিত থেকেই হলটির শুভ উদ্বোধন করবেন।”
সাক্ষাৎকালে উপাচার্য তাঁর রচিত কয়েকটি বই প্রধানমন্ত্রীর হাতে সৌজন্য উপহার হিসেবে তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার বিষয়েও আলোচনা করেন।
উল্লেখ্য, ১৯৭৯ সালের ২২ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহের সীমানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ১৯৭১ সালে মহান স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত এটিই দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়। আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়ে উচ্চশিক্ষার প্রসারে তৎকালীন সরকার এই বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছিলো। বাবার হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়া এই ঐতিহাসিক বিদ্যাপীঠে এবার তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আসছেন।
ইবি প্রতিনিধি
আব্দুল্লাহ ফুয়াদ
১১.০৯.২০২৬