শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

ভবানীপুরে জলাশয় থেকে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View
19

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি জলাশয় থেকে লাগেজ ও বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতনামা এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন হামজা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার অল্প উত্তরে একটি ব্রিজের নিচের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে নিহত নারীর পরিচয়, হত্যাকাণ্ডের সময় এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের নিচের জলাশয়ে একটি বড় লাগেজ ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে তাঁরা বিষয়টি জয়দেবপুর থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে। পরে সেটি খুললে পলিথিনে মোড়ানো অবস্থায় নারীর শরীরের নিচের অংশ পাওয়া যায়। এরপর আশপাশের জলাশয়ে তল্লাশি চালিয়ে কাছাকাছি ভাসমান আরেকটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খুলে নারীর মাথাসহ শরীরের বাকি খণ্ডিত অংশগুলো পাওয়া যায় বলে পুলিশ জানায়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাগেজ ও বস্তার ভেতরে থাকা অজ্ঞাতনামা নারীর শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পুলিশের একাধিক বিশেষ টিম কাজ শুরু করেছে।
এদিকে, কে বা কারা কী উদ্দেশ্যে ওই নারীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করে জলাশয়ে ফেলে গেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © jago barta
Theme Dwonload From ThemesBazar.Com