ফয়সাল আহমেদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার ও বালাইনাশক মজুদ এবং বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিয়াশ বাজার ও বিয়াশ চারমাথা মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে বিয়াশ বাজারের ব্যবসায়ী মো. রাসেলকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪০ হাজার—সহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, বিয়াশ চারমাথা মোড়ের ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধ মজুদ ও বিক্রির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষকদের মাঝে সঠিক মূল্যে মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করতে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম।