ইবিতে ব্রাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্যোগে ক্যারিয়ার হাব
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার হাব।’
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে প্রশাসনের সাথে ব্রাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিআর) এর প্রাথমিক আলোচনার হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক পরামর্শ, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করার লক্ষ্যে ব্রাক এর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসডিআর) এর আওতায় এ উদ্যোগ প্রস্তাবনা করা হয়। আলোচনায় আগামী ২০ সেপ্টেম্বর চূড়ান্ত মেমোরান্ডাম অব অ্যাগ্রিমেন্ট (এমওইউ) স্বাক্ষরিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় উপস্থাত ছিলেন বিশ্ববিদ্যালয়োর উপাচার্য প্রফেসর ড. এ.কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো: আতিকুর রহমান। এসময় ব্র্যাকের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের ম্যানেজার আলিউল আজিম উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রস্তাবিত ‘ক্যারিয়ার হাব’ টি শিক্ষার্থীদের জন্য একটি ওয়ান-স্টপ ক্যারিয়ার সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ব্যক্তিত্ব ও দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং, সিভি ও কভার লেটার তৈরির প্রশিক্ষণ, চাকরির আবেদন ও সাক্ষাৎকার প্রস্তুতি, ভাষা ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনা সংক্রান্ত পরামর্শ এবং উদ্যোক্তা হওয়ার বিষয়ে সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে নো ইওর ইমপ্লয়ার (কেওয়াইই) সেশন, ক্যারিয়ার এক্সপো, নিয়োগসংক্রান্ত কার্যক্রম, শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন এবং মক ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সুস্থতার বিষয়টিও এ উদ্যোগের আওতায় রাখার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, এর পূর্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক সেন্টারের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের লক্ষ্যে একটি সাত সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, সদস্য-সচিব হিসেবে কাজ করছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
আব্দুল্লাহ ফুয়াদ
ইবি প্রতিনিধি
মোবা: ০১৫৭৫৮৩৩৩১৬
তারিখ: ০৭.০৯.২০২৬