মোঃ মাসুদ রানা মনি রামগঞ্জ, লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মাধ্যমিক স্তরের (নবম ও দশম শ্রেণি) কৃতি শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য ক্যারিয়ার গাইডলাইন ও ‘সিঙ্গেল ডিজিট’ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়।
রামগঞ্জ শহর শাখার সভাপতি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজ্জাম্মেল হোসেন আবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতি আরমান হোসেন, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটওয়ারী, পৌর আমির অ্যাডভোকেট মো. হাসান বান্না, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা শিবিরের স্কুল সম্পাদক আবদুল মোতালেব, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক জুয়েল হোসেন এবং রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবু তাহের। এ সময় রামগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জন, ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়ন, পড়াশোনায় একাগ্রতা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক (ক্রেস্ট) তুলে দেওয়া হয়।