মাদরাসা শিক্ষার্থীদের বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে বর্তমান শিক্ষাক্রমকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানিয়েছেন, মাদরাসা শিক্ষার আধুনিকায়ন ও একে কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চলতি মাসেই চূড়ান্ত করা হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান।
ড. মামুন আরও জানান, শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষাক্রম পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি শিক্ষক ও শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মূলত অন্যান্য ধারার শিক্ষার্থীদের সঙ্গে মাদরাসা শিক্ষার্থীদের বিদ্যমান দক্ষতার ব্যবধান কমিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে জাতীয় অর্থনীতিতে মাদরাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দেশে-বিদেশে তাদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ওপর জোর দেওয়া হচ্ছে।
কর্মশালায় মাদরাসা শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, নতুন নতুন স্টার্টআপে তাদের যুক্ত করা এবং অতিরিক্ত ভাষা শিক্ষার সুযোগ তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েকশ শিক্ষক ও শিক্ষার্থী অংশ নিয়ে শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে তাদের বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।