রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় নিজ উদ্যোগে তিনটি কাদা-পাতে ভরা ও চলাচলের অনুপযোগী রাস্তা সংস্কার করে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম রুবেল। তিনি উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সমেষপুর এলাকার সমাজসেবক এবং স্থানীয় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি।
স্থানীয় সূত্রে জানা যায়, সমেষপুর এলাকার ওই রাস্তাগুলো দিয়ে প্রতিদিন শত শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্করা যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো খানাখন্দে ভরা থাকায় চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয়দের। জনসাধারণের এই দুর্ভোগ লাঘব করতেই তিনি নিজ খরচে রাস্তাগুলো চলাচলের উপযোগী করে তোলেন।
এ বিষয়ে মো. জহিরুল ইসলাম রুবেল পাটোয়ারী বলেন, “সমেষপুর এলাকা নিয়ে আমার একটি বিশেষ পরিকল্পনা রয়েছে। এই এলাকার কোনো রাস্তা আর ভাঙা বা খানাখন্দযুক্ত থাকবে না। এলাকার সার্বিক উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে, সবাই আমার জন্য দোয়া করবেন।”
বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ এমরান হোসেন বলেন, রুবেল ভাইয়ের এই জনকল্যাণমূলক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করি ভবিষ্যতেও তিনি এমন সামাজিক কাজ চালিয়ে যাবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেউ ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যকর পদক্ষেপ নেননি। তারা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার আহ্বান জানান।