ইমাম হাছাইন পিন্টু নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৭৪ বোতল নিষিদ্ধ কোডিন ফসফেটযুক্ত এসকাফ সিরাপসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার কাছিকাটা টোলপ্লাজা সংলগ্ন পাকা রাস্তার উত্তর পাশে জনৈক সাইদুল ইসলামের বাড়ির সামনে চেকপোস্ট বসানো হয়। রাত দুইটা ১০ মিনিট থেকে শুরু হয়ে ভোর তিনটা পর্যন্ত চলা এই অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের বাসিন্দা নাদিরা বেগম (৪২) ও তানজিলা বেগমকে (৪০) আটক করা হয়।
তল্লাশির সময় অভিযুক্ত নাদিরা বেগমের কাপড়ের ভেতর বিশেষভাবে তৈরি গোপন পকেট থেকে ১০০ মিলিমিটারের ৪০ বোতল (মোট ৪ লিটার) এসকাফ উদ্ধার করা হয়। এছাড়া, অপর আটক নারী তানজিলার কাছ থেকে একই ব্রান্ডের ৩৪ বোতল (মোট ৩.৪ লিটার) এসকাফ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে সর্বমোট ৭৪ বোতল, অর্থাৎ ৭ দশমিক ৪ লিটার এসকাফ এবং তাদের নামীয় একটি বাসের যাত্রী টিকেট জব্দ করা হয়েছে।
আটককৃত উভয় নারীই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার স্থায়ী বাসিন্দা।
এ ঘটনায় গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।