দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শপথ গ্রহণ করবেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সাজ সাজ রব পড়ে গেছে পুরো বঙ্গভবন জুড়ে।
রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান ও বঙ্গভবনের আশেপাশের চিত্র গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বদলে গেছে। নিরাপত্তার খাতিরে এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীদের তৎপরতায় বঙ্গভবনের সামনের অংশ এখন বেশ পরিপাটি। এছাড়া অনুষ্ঠানস্থলে আগত অতিথিদের সুবিধার্থে এবং নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ নজরদারি বজায় রেখেছে।
এর আগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে। ইসি সচিব আখতার আহমেদের সই করা সেই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তিনি শপথ নেবেন।