মোঃ আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবাসহ তমাল জমাদ্দার (৫৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (১৬ আগস্ট) রাতে রসুলপুর ইউনিয়নের কলমীর মোড় এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শশীভূষণ থানার এসআইয়ের নেতৃত্বে একটি টিম নিয়মিত টহল ও গ্রেফতারি পরোয়ানা তামিল করার সময় গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কলমীর মোড়ের পশ্চিম পাশে অভিযান চালায়। এ সময় কাশেম সর্দারের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কেনাবেচার সময় তমাল জমাদ্দারকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তমাল জমাদ্দার দক্ষিণ আইচা থানার উত্তর চর কলমী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুর হাট এলাকার মৃত আবুল হাসানাত জমাদ্দারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি অন্য এলাকা থেকে পাইকারি মূল্যে ইয়াবা সংগ্রহ করে শশীভূষণ থানাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এর আগে আরও ৪টি মাদকের মামলা রয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।