মোঃ মাইনুল হক, নীলফামারী
দীর্ঘ ১৭ বছর ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত থাকার পর অবশেষে নীলফামারীর ডিমলা উপজেলার শহীদ জিয়াউর রহমান কলেজে চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবনের শুভউদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভবনটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক ভবনের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত হওয়ার কারণে বিগত ১৭ বছর ধরে কলেজটি বিভিন্ন রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বৈষম্যের শিকার হয়ে প্রয়োজনীয় সরকারি অনুদান ও উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। এর ফলে অবকাঠামোগত বেহাল দশা এবং তীব্র শ্রেণিকক্ষ সংকটের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘকাল ধরে নানা ভোগান্তি পোহাতে হয়েছে।
নবনির্মিত এই একাডেমিক ভবন চালুর ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেই দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। পাশাপাশি, এটি কলেজে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান আরও বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।