সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা ও সঠিক ব্যাংকিং ধারণা তৈরির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসির উদ্যোগে একটি আর্থিক সাক্ষরতা ও সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়েছে।
গত বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সেমিনার সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কমল চন্দ্র এবং প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী।
সেমিনারে শিক্ষার্থীদের সামনে ব্যাংকিং ব্যবস্থার নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংক হাতীবান্ধা উপ-শাখার ইনচার্জ রাশেদুল কবির মণ্ডল এবং অপারেশন ইনচার্জ মোহাম্মদ আশিকুর রহমান মুরাদ।
বক্তারা জানান, শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকেই আর্থিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও সঞ্চয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ছোটবেলা থেকেই ক্ষুদ্র সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠলে তা ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জন কিংবা সফল উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এছাড়া, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা পৌঁছে দিতে আইএফআইসি ব্যাংক সবসময় অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করা হয়।