মোঃ মাইনুল হক (নীলফামারী)
মাদকমুক্ত ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় একটি বিশেষ মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙাপাড়া এলাকায় স্থানীয় সচেতন জনসাধারণের উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. আবুল খায়েরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক আমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি রেজাউল করিম রেজা বলেন, “মাদক হলো বর্তমান সমাজের সবচেয়ে বড় ব্যাধি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে পরিবার ও সমাজ পর্যায়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে মো. আবুল খায়ের বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে দূরে রাখতেই আমাদের এই উদ্যোগ। একটি অপরাধমুক্ত ও সুস্থ সমাজ বিনির্মাণে আমরা সকলে একযোগে কাজ করে যাব।”
সমাবেশে বক্তারা মাদকের ক্ষতিকর দিকগুলো বিস্তারিত তুলে ধরে নিজ নিজ এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।