সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে একটি জমজমাট জুয়ার আসর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়। রোববার (১৮ অক্টোবর) রাতে পৌরসভার পাটবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সুন্দরগঞ্জ পাটবাজারের আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটগুদামে অভিযান চালানো হয়। সেখানে নগদ অর্থের বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার আসর বসেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান শফিকুল ইসলাম (৩৫) নামের আরও এক ব্যক্তি।
গ্রেপ্তারকৃত তিন ব্যক্তি হলেন—মো. এনামুল হক (৫০), অসিম কুমার সরকার (৫০) এবং মো. টুটুল সরকার (৫০)। তারা সবাই সুন্দরগঞ্জ উপজেলার স্থায়ী বাসিন্দা।
অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে চার প্যাকেট নতুন তাস, ১০৫টি খোলা তাস এবং জুয়া খেলার নগদ ১৬ হাজার ৫ টাকা আলামত হিসেবে জব্দ করে।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মাদকের পাশাপাশি জুয়ার মতো সামাজিক অপরাধ নির্মূলে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।