জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
অসুস্থ বাবার সংসার সামলানো এবং নিজের পড়াশোনার খরচ চালাতে ফুড ডেলিভারি রাইডারের কাজ করতেন এইচএসসি পরীক্ষার্থী জামশেদুল ইসলাম। কিন্তু আয়ের একমাত্র ভরসা সাইকেলটি চুরি হয়ে যাওয়ায় গভীর অনিশ্চয়তায় পড়েন চট্টগ্রাম সরকারি ইসলামিয়া ডিগ্রি কলেজের এই মানবিক বিভাগের শিক্ষার্থী। প্রতিকূলতার এই সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পরিবার ও পড়াশোনার তাগিদে হার না মেনে জেলা প্রশাসকের কাছে সহায়তার আবেদন করেন জামশেদ। বিষয়টি নজরে আসার পর গত সোমবার (১০ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে তাঁর সংগ্রাম ও পরিস্থিতির কথা শোনেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে জামশেদের হাতে তাঁর পছন্দের একটি নতুন সাইকেল তুলে দেওয়া হয়।
অদম্য এই তরুণকে সাধুবাদ জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, কাজ ও পড়াশোনা একসাথে চালিয়ে যাওয়ার এই মানসিকতা সত্যিই প্রশংসনীয়। মেধাবী ও প্রতিকূল পরিস্থিতিতে থাকা শিক্ষার্থীদের পড়াশোনা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সেজন্য জেলা প্রশাসনের এমন সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নতুন সাইকেল উপহার পেয়ে আবেগাপ্লুত জামশেদ জানান, সাইকেলটি হারিয়ে যাওয়ায় তিনি নতুন করে তা কেনার সামর্থ্য রাখছিলেন না। ডিসি স্যারের এই সহায়তার ফলে তিনি আবারও কাজে ফিরে যাওয়ার পাশাপাশি নির্বিঘ্নে নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। জীবনযুদ্ধের এই কঠিন বাস্তবতায় নতুন আশা নিয়ে আবারও রাজপথে নামছেন এই সংগ্রামী তরুণ।