ইমাম হাছাইন পিন্টু, নাটোর
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের সঙ্গে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন ‘এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর একটি প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে সংগঠনের প্রতিনিধিরা তাদের চলমান জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশিকুর রহমান আশিক, কোষাধ্যক্ষ মোসা. শাহানাজ পারভীন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সজিব এবং যুগ্ম শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. তামিম ইসলাম।
আলোচনা শেষে প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগগুলোর প্রশংসা করেন। একইসঙ্গে নাটোর জেলার উন্নয়ন ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এলিট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, নাটোরবাসীর সেবা ও এলাকার উন্নয়নে তারা সবসময় সচেষ্ট থাকবেন। এই লক্ষ্য অর্জনে তারা সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।