ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে চোরাই স্বর্ণ কেনাবেচা রোধ এবং অবৈধভাবে অলংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন বন্ধ করতে জেলার সাতটি থানায় একযোগে বিশেষ সচেতনতামূলক স্টিকারারিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) নাটোর জেলা পুলিশ সুপার মো. শরিফুল হকের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়। পুলিশ জানায়, মূল্যবান সম্পদ হওয়ায় স্বর্ণালংকার কেনাবেচায় সর্বোচ্চ সতর্কতা জরুরি। যথাযথ প্রমাণ ছাড়া বা সস্তায় চোরাই স্বর্ণ কেনা এবং বিক্রি করা উভয়ই দেশের প্রচলিত আইনে গুরুতর অপরাধ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কিছু অসাধু ব্যবসায়ী বাজারমূল্যের চেয়ে কম দামে স্বর্ণ বন্ধক রেখে পরবর্তীতে চুরি বা ডাকাতির নাটক সাজায় কিংবা নিজেই পালিয়ে যায়। এর ফলে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
অবৈধভাবে স্বর্ণ বন্ধকি ব্যবসা পরিচালনা কিংবা অস্বাভাবিক কম দামে তড়িঘড়ি করে কেউ স্বর্ণ বিক্রি করতে চাইলে তাৎক্ষণিকভাবে স্থানীয় থানা বা নাটোর জেলা পুলিশ কন্ট্রোল রুমে (০১৩২০-১২৪৫৯৮) তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
এই সচেতনতামূলক কার্যক্রমে নাটোর সদর থানা এলাকায় উপস্থিত ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা। এছাড়া জেলার সাতটি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেন। “নাটোর পুলিশকে তথ্য দিন, আমরা আপনাকে নিরাপদ নাটোর উপহার দেব”—এই স্লোগান সামনে রেখে সাধারণ ব্যবসায়ী ও জনগণকে সচেতন করা হচ্ছে।