সুলতান আহমেদ ময়না, শেরপুর
শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুরে এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স চন্দন চাউল ও আটাকল (প্রাঃ) লি:’। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পরিবারের উদ্যোগে এবং কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
১৬ অক্টোবর সকাল ১১টায় সদর উপজেলার রাজাবাড়ী তিনানী বাজার এলাকার ‘সন্ধা ভবন’ প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে পরিবারের প্রয়াত সদস্য স্বর্গীয় ব্রজবল্লভ সাহা, স্বর্গীয়া কৃষ্ণদাসী সাহা এবং স্বর্গীয়া সন্ধা রাণীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
আয়োজক পরিবারের সদস্য শ্রী গোপাল চন্দ্র সাহা, শ্রী চন্দন সাহা, শ্রী আকাশ সাহা, শ্রী প্রান্ত সাহা এবং কথা সাহাসহ অন্যান্য আত্মীয়-স্বজন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের হাতে নতুন পোশাক তুলে দেন। পূজার আগে নতুন কাপড় পেয়ে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটে। এ সময় উপকারভোগীরা আয়োজকদের এই মানবিক কাজের প্রশংসা করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন।
এদিকে, বস্ত্র বিতরণের পাশাপাশি প্রতিবছরের মতো এবারও চন্দন সাহার বাসভবন ‘সন্ধা ভবন’-এ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহের সাথে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা মণ্ডপে ভক্তদের সমাগম এবং বিভিন্ন ধর্মীয় আচারে মুখরিত রয়েছে পুরো পরিবেশ। সমাজের সব স্তরের মানুষের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই প্রতিবছর এই ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।