রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের দাবিতে বুধবার দুপুরে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। নেতাকর্মীদের অভিযোগ, হাসপাতালের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও নার্সদের অসহযোগিতামূলক আচরণ এবং চিকিৎসকদের দায়িত্ব পালনে অবহেলার কারণে সাধারণ রোগীরা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারের নিম্নমান এবং জরুরি বিভাগে পর্যাপ্ত সরঞ্জামের অভাব নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
স্মারকলিপিতে দালালচক্র ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য নিরসনে কঠোর প্রশাসনিক পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের দাবিগুলোর মধ্যে রয়েছে—রোগীদের অভিযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু, সব রোগীর জন্য সমান চিকিৎসাসেবা নিশ্চিত করা, নিয়মিত ওয়ার্ড রাউন্ড করা এবং হাসপাতাল প্রাঙ্গণকে দালালমুক্ত করা। এছাড়াও শয্যা সংকট নিরসন, অচল যন্ত্রপাতি মেরামত এবং হাসপাতালের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
স্মারকলিপি জমা দেওয়ার সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এ সময় রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিব রায়হান রবিন, সদস্য সচিব ইমাদুল হক লিমনসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের এই প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা জানিয়েছেন আন্দোলনরতরা।