জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
আসন্ন ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্থানীয় জনগণের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তাকে নিয়ে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে ইউনিয়নজুড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজী তালুক গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন আনোয়ার হোসেন। তার বাবা মরহুম আবু তাহের ছিলেন কৃষক এবং মা আলেয়া বেগম। ২০০৮ সালে মুড়িপাড়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল ও পরবর্তীতে আলিম পাস করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত আনোয়ার হোসেন ২০০০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছেন। বর্তমানে তিনি ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
প্রবাস জীবনের পাট চুকিয়ে ২০১৬ সালে দেশে ফিরে সম্পূর্ণভাবে জনসেবায় মনোনিবেশ করেন এই নেতা। এর আগে ২০১৫ সালে রাজনৈতিক মামলায় কারাবরণ করলেও জনগণের সেবা থেকে পিছপা হননি তিনি। বিগত এক দশক ধরে এলাকার মসজিদ, মাদ্রাসা, স্কুল উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, চিকিৎসাসেবা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দরিদ্র পরিবারের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অবদান রেখে চলেছেন। বর্তমানে তিনি দক্ষিণ মগাদিয়া কাজী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য এবং ছালামত আলী হাজী কমপ্লেক্স হিফজুল কোরআন মাদ্রাসার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
নির্বাচনী ভাবনা সম্পর্কে মো. আনোয়ার হোসেন জানান, ক্ষমতা নয়, মানুষের সেবাই তার মূল লক্ষ্য। সাহেরখালী ইউনিয়নের প্রতিটি বাসিন্দাকে নিজের পরিবারের মতো উল্লেখ করে তিনি একটি সৎ, দুর্নীতিমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় ভোটারদের মতে, সততা ও জনসেবামূলক মনোভাবের কারণে সাধারণ মানুষের মনে শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন এই প্রবীণ রাজনৈতিক ও সামাজিক কর্মী।