জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির পাহাড়ি জনপদে ধর্মীয় শিক্ষার প্রসার ও মানবিক সহায়তার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। মহালছড়িতে দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে স্থানীয় এতিম শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ এবং ত্রাণ সহায়তা দিয়েছে সেনাবাহিনীর মহালছড়ি জোন।
মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ, পিএসসি।
জানা যায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর জোন অধিনায়কের ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ সম্পন্ন হয়। উদ্বোধনী দিনে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্থানীয় রোগীদের স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেন। এছাড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রীও বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল জাবির আসিফ বলেন, “ধর্মীয় শিক্ষা, মানবিক মূল্যবোধ তৈরি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রমে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তামূলক এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সেনাবাহিনীর এই উদ্যোগ এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠান শেষে অতিথিরা নবনির্মিত মাদ্রাসা প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।