মোঃ ওমর ফারুক হৃদয়,
বান্দরবান জেলা প্রতিনিধি।
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর চাঁদা দাবির হুমকির মুখে দীর্ঘ ছয় দিন বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে বান্দরবান-থানচি রুটের যোগাযোগ ব্যবস্থা। প্রশাসনের কড়া নিরাপত্তার আশ্বাসে বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে এই সড়কে পুনরায় যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর পাহাড়ি উগ্রপন্থীদের পক্ষ থেকে বড় অংকের চাঁদা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। চাঁদা না দিলে গাড়ি না চালানোর হুমকি দেওয়ায় জীবনের নিরাপত্তাজনিত কারণে ওই দিন থেকেই আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন পরিবহন শ্রমিকরা।
এই অচলাবস্থা নিরসনে গত মঙ্গলবার পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। বৈঠকে সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর পর্যটক ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঝুঁকি নিয়েই বাস চালুর সিদ্ধান্ত নেন পরিবহন নেতারা।
বান্দরবান-থানচি-রুমা-রোয়াংছড়ি যাত্রীবাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, পর্যটকদের যাতায়াত এবং জনদুর্ভোগের কথা মাথায় রেখে প্রশাসনের আশ্বাসে তারা বাস চালুর এই সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের সাথেও তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ওয়াই জংশন থেকে নীলগিরি পর্যটনকেন্দ্র পর্যন্ত যাতায়াতে বাসগুলোকে বিশেষ নিরাপত্তা এসকর্ট দেওয়া হবে।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ নিরাপত্তা বলয় তৈরি করে এই রুটে পুনরায় বাস চলাচল শুরু নিশ্চিত করা হয়েছে।