মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবান শহরের শিশু পার্কসংলগ্ন সাইনি রিসোর্টের মালিক ও নিজেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়দানকারী শৈক্য চিং মার্মার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী তরুণী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট শুক্রবার টাকা ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে সাইনি রিসোর্টে নিয়ে যান অভিযুক্ত শৈক্য চিং মার্মা। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে রিসোর্টের ভেতর থেকে ভুক্তভোগীর চিৎকারের শব্দ শুনে আশপাশের শিশু পার্কের লোকজন ও পথচারীরা এগিয়ে আসেন এবং বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের অবহিত করেন।
এ বিষয়ে অভিযুক্ত শৈক্য চিং মার্মা তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সেগুলোকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রিসোর্টের আড়ালে এ ধরনের কর্মকাণ্ড এলাকার সুনাম নষ্ট করছে। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির কঠোর আইনি শাস্তি দাবি করেছেন। পাশাপাশি এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম কঠোরভাবে নজরদারির আওতায় আনার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তকে তাঁর বাসা থেকে থানায় এনে তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, পুলিশের অবস্থান সর্বদা কঠোর এবং কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।