মোঃ ওমর ফারুক, বান্দরবান জেলা প্রতিনিধি।
বান্দরবান পার্বত্য জেলার দীর্ঘদিনের শিক্ষা ও স্বাস্থ্য খাতের নানা সংকট এবং জনদুর্ভোগ দূর করার লক্ষ্যে সরকারের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চারটি পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাহাড়ি ও বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতার আলোকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতের সংকট ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ
জেলার বিভিন্ন সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং গণিত, বিজ্ঞান ও ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকট থাকায় শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি বান্দরবান সরকারি কলেজ ও নার্সিং কলেজেও রয়েছে তীব্র শিক্ষক সংকট। সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিটি হলো—বান্দরবান সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে দ্রুত অনার্স বা স্নাতক কোর্স চালু করা, যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে যাওয়ার ভোগান্তি ও অতিরিক্ত খরচ এড়ানো সম্ভব হয়।
স্বাস্থ্যসেবার সংকট ও অবকাঠামোগত উন্নয়ন
বান্দরবান সদর হাসপাতালসহ রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির মতো দুর্গম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও নার্সের পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। পাহাড়ি অঞ্চলের উপযোগী অ্যাম্বুলেন্সের ঘাটতি এবং নির্মাণকাজ শেষ হলেও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের পূর্ণাঙ্গ সেবা চালু না হওয়ায় সদর হাসপাতালে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
স্মারকলিপিতে উত্থাপিত প্রধান দাবিগুলো:
সংশ্লিষ্টরা মনে করেন, ভৌগোলিক দূরত্বের কারণে কোনো এলাকার মানুষ মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হতে পারে না। বান্দরবানের মানুষের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।