ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়ার কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা মৎস্য কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।
এদিন সকালে পুলিশ লাইন্স পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক পোনা সরবরাহ ও সার্বिक সহযোগিতার জন্য জেলা মৎস্য বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, অভ্যন্তরীণ জলাশয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের জনকল্যাণমূলক ও ইতিবাচক উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে।
মাছ অবমুক্তকরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার ও নাটোর সার্কেলের কর্মকর্তা উদয় কুমার সাহা ছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।