ইমাম হাছাইন পিন্টু নাটোর
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নাটোরে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উপলক্ষে প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নাটোর সদর উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন যৌথভাবে বেলুন উড়িয়ে এই কার্যক্রমের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. খালিদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছমা খাতুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ হোসেন, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. খসরু আলম এবং জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের জীবনদর্শন ও সাহিত্যকর্ম তরুণ প্রজন্মের জন্য অন্যতম বড় প্রেরণার উৎস। শিক্ষার্থীদের মাঝে নজরুলচর্চা বাড়ানোর মাধ্যমে তাদের প্রকৃত দেশপ্রেমিক, মানবিক এবং অসাম্প্রদায়িক মননশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
জেলা কালচারাল অফিসার মো. শাহাদত হোসেন জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে নাটোর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই প্রতিযোগিতা শুরু হবে। এতে প্রাথমিক, কিন্ডারগার্টেন, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে রয়েছে—নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয়, নৃত্য, হামদ-নাত, ইসলামি গান, গজল, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা ধাপে ধাপে উপজেলা ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। উল্লেখ্য, একই দিনে দেশের বিভিন্ন উপজেলায় নজরুল জয়ন্তী ও বর্ষ উদযাপন উপলক্ষে এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।