ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধ উপায়ে সার গুদামজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদের কাছ থেকে ৪৭ বস্তা অবৈধ সার জব্দ করা হয়।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. বেলাল মিয়ার কাছ থেকে ২৭ বস্তা ইউরিয়া ও ৮ বস্তা ডিএপি সার এবং মানিক মিয়ার হেফাজত থেকে ৪ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া সার মজুদের অপরাধে উভয় ব্যবসায়ীকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম তারেক। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার টহল পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমান সার সংকটের সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে সার মজুদ করছেন। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে অসাধু চক্রের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা সময়মতো ন্যায্য মূল্যে সার পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।