ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরের বিখ্যাত চলনবিলের জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে একটি ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিংড়ার পেট্রোল বাংলা পয়েন্টের নৌকা ঘাট এলাকায় এই মহতী উদ্যোগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম এবং স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজল সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ডাস্টবিন বিতরণকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, চলনবিল আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক জলাভূমি। এর পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্লাস্টিকসহ সব ধরনের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলা অত্যন্ত জরুরি। চলনবিল এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা রোধ করতে এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তোলেন।