মাসুদ রানা মনি, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমি। শতভাগ পাসসহ ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে বিদ্যালয়টি এই কৃতিত্ব অর্জন করে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৬৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল।
পাশাপাশি, কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন শতভাগ পাস করা ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তি ও পাসের হারের দিক থেকে একাডেমিটি সপ্তম স্থান অধিকার করেছে।
ফলাফলের ভিত্তিতে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ (পাসের হার ৯৯.২৩%)। তৃতীয় স্থানে রয়েছে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর (পাসের হার ৯৮.৯৫%) এবং চতুর্থ স্থানে রয়েছে রায়পুর এল এম পাইলট মডেল হাই স্কুল (পাসের হার ৯৬.০০%, যা ভোকেশনাল শাখায় জেলায় সেরা)।
ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কিবরিয়া বলেন, একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ ভূঁইয়ার সুদূরপ্রসারী পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং শিক্ষার্থীদের নিরলস চেষ্টার ফলেই এই গৌরবোজ্জ্বল সাফল্য সম্ভব হয়েছে। তিনি আরও জানান, আগামী দিনে শিক্ষার মান আরও উন্নত করতে তারা বদ্ধপরিকর।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে রামগঞ্জ উপজেলায় সর্বোচ্চ জিপিএ ও শতভাগ পাসের ধারাবাহিকতা বজায় রেখে শীর্ষস্থান ধরে রেখেছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।