ইবি প্রতিনিধি: আব্দুল্লাহ ফুয়াদ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাদশা ফাহদ বিন আবদুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরিতে শিক্ষার্থীদের চাকরি ও ক্যারিয়ার গড়ার সুবিধার্থে নতুন ‘জব কর্নার-২’ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এ ছাড়া লাইব্রেরিয়ান, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠান চলাকালে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লাইব্রেরির সময়সীমা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বাড়ানো, ইন্টারনেট সংযোগের গতি বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, সরকারি অর্থায়নে উচ্চশিক্ষার মূল লক্ষ্য বেকার গ্র্যাজুয়েট তৈরি করা নয়, বরং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করে নিজেদের বিসিএস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি, স্বাস্থ্য সচেতনতা বজায় রাখা, লাইব্রেরি ও জব কর্নারকে আড্ডার স্থান না বানিয়ে কেবল পড়াশোনায় মনোনিবেশ করা এবং ব্যক্তিগত দক্ষতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করার তাগিদ দেন উপাচার্য।