রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে প্রবাসে স্বামী রেখে দেশে ফিরে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হওয়ার অভিযোগ উঠেছে মুন্নি আক্তার জেসমিন নামের চার সন্তানের এক জননীর বিরুদ্ধে। শুধু তাই নয়, স্বামীর পাঠানো প্রায় তিন কোটি টাকা এবং ২৫ ভরি স্বর্ণালংকার আত্মসাতেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
জানা যায়, প্রায় ২২ বছর আগে জাকিরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুন্নির। এই দম্পতির সংসারে চার কন্যাসন্তান রয়েছে। ২০০৯ সালে মুন্নিকে ইতালি নিয়ে যান জাকির। কিন্তু সেখানে থাকা অবস্থায় মুন্নি মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশের একাধিক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, যা তাদের দাম্পত্য জীবনে চরম কলহের সৃষ্টি করে।
সম্প্রতি বাবার অসুস্থতার অজুহাত দেখিয়ে দুই সন্তানকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন মুন্নি। তবে দেশে আসার পর থেকেই তিনি প্রবাসী স্বামী জাকিরের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। এরপরেই রায়পুরের বামনী ইউনিয়নের পূর্ব কাঞ্চনপুর এলাকার বাসিন্দা সৌরভ হোসেন চুট্টুর সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। অথচ প্রথম স্বামী জাকিরকে কোনো তালাক না দিয়েই তিনি এই বিয়ে করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জাকিরের বোন বাদী হয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ইতালি থেকে আসার সময় জাকিরের দেওয়া ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে এটিএম কার্ডের মাধ্যমে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মুন্নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।