রামগঞ্জ (রামগঞ্জ) প্রতিনিধিঃ
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তারা হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, সুস্থ জীবনযাপন এবং ব্যাকটেরিয়া ও জীবাণুমুক্ত থাকতে সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার কোনো বিকল্প নেই। মানুষের শরীরে মূলত হাতের মাধ্যমে কিংবা হাঁচি, কাশি, সর্দি ও যক্ষ্মার মতো ছোঁয়াচে রোগের মাধ্যমে জীবাণু ছড়ায়। তাই রোগবালাই থেকে দূরে থাকতে নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়া এবং বিশুদ্ধ পানি পান করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল, স্যানিটারি ইন্সপেক্টর শাহজাহান জাহিন, আলমগীর কবির, পানি শাখার বিল ক্লার্ক আবদুল মন্নানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।