মোঃ ওমর ফারুক হৃদয়, বান্দরবান প্রতিনিধি
দুর্নীতির অভিযোগে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হওয়া ডা. শাহীন হোসাইন চৌধুরীকে পুনরায় বান্দরবানের সিভিল সার্জন হিসেবে বহাল রাখার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাবের সামনে ‘বান্দরবান সচেতন সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলার সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশার সচেতন নাগরিকরা অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দুর্নীতির অভিযোগের কারণে যাঁকে ওএসডি করা হয়েছিল, তাঁকে আবার একই পদে ফিরিয়ে আনা অত্যন্ত হতাশাজনক। অভিযোগগুলোর সুষ্ঠু সুরাহা না হওয়া পর্যন্ত তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে পুনর্বহাল করা উচিত নয় বলে তাঁরা মন্তব্য করেন।
বক্তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার। জেলার চিকিৎসাব্যবস্থাকে গতিশীল ও আস্থার জায়গায় রাখতে একজন বিতর্কিত কর্মকর্তার পরিবর্তে নিরপেক্ষভাবে যাচাই-বাছাইপূর্বক যোগ্য ও গ্রহণযোগ্য কোনো কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে পদায়ন করা প্রয়োজন।
প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে ডা. শাহীন হোসাইন চৌধুরীর পুনর্বহালের আদেশ বাতিলের জোরালো দাবি জানানো হয়। অন্যথায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত বান্দরবানবাসীর পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
মানববন্ধনে বান্দরবান সচেতন সমাজের নেতৃবৃন্দের মধ্যে অংসিং থোয়াই মার্মা, উথোয়াইমি মার্মা, চিংনু মার্মা, দুলাল ও মিলনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।