রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডেঙ্গুসহ বিভিন্ন ভাইরাস জ্বরের প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। উপজেলার প্রায় প্রতিটি বাড়িতেই এখন জ্বর রোগী রয়েছে। এর ফলে স্থানীয় হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। অন্যদিকে, এই অসুস্থতার কারণে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে দেখা গেছে, অনেক প্রতিষ্ঠানেই স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম শিক্ষার্থী উপস্থিত রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থীই জ্বরে আক্রান্ত হয়ে বিদ্যালয়ে আসতে পারেনি। উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারাকাত আহমাদ খান জানান, গত এক সপ্তাহ ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম। জ্বরের কারণেই শিক্ষার্থীরা ক্লাস করতে পারছে না। একই চিত্র দেখা গেছে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও।
পরিস্থিতি নিয়ে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল ইসলাম জানান, বর্তমান সময়টি রোগবালাইয়ের জন্য বেশ সংকটপূর্ণ। এ সময়টাতে ডেঙ্গু ও অন্যান্য ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। প্রায় প্রতিটি ঘরেই এখন এই জ্বর ছড়িয়ে পড়েছে। প্রতিদিন শত শত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও চিকিৎসক স্বল্পতার কারণে তাদের সেবা দিতে আমাদের বেশ বেগ পেতে হচ্ছে।
তিনি আরও বলেন, মানুষের অসচেতনতার কারণেই মূলত সংক্রমণের হার বাড়ছে। তাই এসব রোগের ক্ষেত্রে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে। সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এবং বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এ ধরনের জ্বর থেকে সুরক্ষা পাওয়া সম্ভব।