ইমাম হাছাইন পিন্টু, নাটোর
নাটোরে সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও অপরাধ দমন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
সভায় বক্তারা বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বিশেষ করে যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে মাদক ব্যবসা ও সেবন কঠোরহস্তে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কড়া নির্দেশ দেওয়া হয়। এছাড়া মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাশরিফুল ইসলাম, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন বক্তারা। পরিশেষে, সিংড়া উপজেলাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।