রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে এবার স্টিডফাস্ট কুরিয়ার সার্ভিসের এক ডেলিভারি ম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ৮ নম্বর করপাড়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কাজী বাড়ির সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ডেলিভারি ম্যান সাইফুল ইসলাম জানান, শনিবার আছরের নামাজের পর পার্সেল পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে তিনি ডুমুরিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ক্রেতা সেজে তার কাছে আসে। হঠাৎ তারা সাইফুলকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে সারাদিনের পার্সেল ডেলিভারি বাবদ সংগ্রহ করা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে সাইফুল ইসলাম স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেছেন। এদিকে দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা ও সংশ্লিষ্টরা।