ইবি প্রতিনিধি:
ইসরায়েলি আগ্রাসন ও দীর্ঘস্থায়ী অবরোধের কারণে বিপর্যস্ত পশ্চিম গাজায় প্রায় ৫ হাজার লিটার খাবার পানি বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) তাদের ত্রয়োদশ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এই পানীয় জল সরবরাহ করা হয়।
সংগঠনটির সূত্র জানায়, প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়িত এই উদ্যোগে পশ্চিম গাজার ২০০ থেকে ২৫০টি সংকটাপন্ন পরিবার সরাসরি উপকৃত হয়েছে।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান কবির বলেন, গাজার শরণার্থী শিবিরগুলোতে নিয়মিত বিশুদ্ধ পানি, নগদ অর্থ, শুকনো খাবার ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। একটি নবীন সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করলেও আগামী দিনে এর পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের।
সংগঠনটির সভাপতি আমির ফয়সল জানান, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও শিক্ষার্থীদের মধ্যে মানবিক গুণাবলি বিকাশের পাশাপাশি ফিলিস্তিনের যুদ্ধপীড়িত মানুষের পাশে দাঁড়ানোকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’ ফিলিস্তিনের গাজার পাশাপাশি বাংলাদেশের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে আসছে।